সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রাবিতে শহীদ হবিবুর রহমান ও সুখরঞ্জন সমাদ্দারের অন্তর্ধান দিবস পালিত

১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ণ
রাবিতে শহীদ হবিবুর রহমান ও সুখরঞ্জন সমাদ্দারের অন্তর্ধান দিবস পালিত
রাবিতে শহীদ হবিবুর রহমানের অন্তর্ধান দিবসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়।

স্টাফ রিপোর্টার: আজ ১৫ এপ্রিল অধ্যাপক হবিবুর রহমানের অন্তর্ধান দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী সৈন্যরা গণিত বিভাগের শিক্ষক হবিবুর রহমানকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধকালে শহীদ তিন শিক্ষকের অন্যতম তিনি।

 

শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এসময় গণিত বিভাগের সভাপতি প্রফেসর মো. আসাবুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

মুক্তিযুদ্ধকালে শহীদ তিন শিক্ষকের অন্যতম ভাষা বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারের স্মরণে ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় রাবি গ্রন্থাগার প্রাঙ্গণে শহীদের সমাধিতে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।

 

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তানী সৈন্যরা ভাষা বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারকে রাবি ক্যাম্পাসের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তাঁর দেহাবশেষ ক্যাম্পাস সংলগ্ন কাজলা এলাকার এক পুকুর পাড়ে পাওয়া যায়।

আরও পড়ুন.. শিক্ষাঙ্গন
← Home