শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পবায় তিন দিনব্যাপী বিএমডিএ’র পার্টনার প্রোগ্রামের প্রশিক্ষণ কর্মশালা শুরু

১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ণ
পবায় তিন দিনব্যাপী বিএমডিএ’র পার্টনার প্রোগ্রামের প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর পার্টনার প্রকল্পের আওতায় কৃষক, অপারেটর ও ডিলারদের অংশগ্রহণে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

 

বুধবার (১৫ এপ্রিল) সকালে পবা উপজেলা বিআরডিবি অফিসের সভাকক্ষে বিএমডিএ পবা জোনের আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ রাজশাহীর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। 

 

তিনি তাঁর বক্তব্যে বরেন্দ্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বিএমডিএ’র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, “পার্টনার প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের সঙ্গে প্রযুক্তি ও ব্যবস্থাপনার সমন্বয় ঘটানো সম্ভব হচ্ছে। এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি খাত আরও টেকসই হচ্ছে। এই উদ্যোগ কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।”

 

সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি খাদ্য নিরাপত্তা বিষয়ক আলোচনায় বলেন, “বর্তমান প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষক ও সংশ্লিষ্টরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন, যা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমডিএ পবা জোনের সহকারী প্রকৌশলী মো. জামিনুর রহমান। 

 

তিনি জানান, প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা আধুনিক কৃষি প্রযুক্তি, সেচ ব্যবস্থাপনা, যন্ত্রপাতি পরিচালনা এবং বাজার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা পাবেন। তিনি আরও আশা প্রকাশ করেন, বিএমডিএ’র এই পার্টনার প্রোগ্রাম কৃষি খাতে দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি আরও বলেন, পার্টনার প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরে বলেন, “এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষক, অপারেটর ও ডিলারদের মধ্যে সমন্বয় তৈরি করা এবং আধুনিক সেচ ও কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।”

 

এসময় আরও উপস্থিত ছিলেন- পবা জোনের উপ-সহকারী প্রকৌশলী আবুল কাশেমসহ পবা উপজেলার কৃষক, অপারেটর ও ডিলাররা।

আরও পড়ুন.. কৃষি
← Home