শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

চেয়ারম্যানের কক্ষের শেখ মুজিবের ছবি অপসারণ

১৯ আগস্ট ২০২৫, ০৫:১৩ অপরাহ্ণ উত্তরা প্রতিবেদক
চেয়ারম্যানের কক্ষের শেখ মুজিবের ছবি অপসারণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষ থেকে সোমবার দুপুরে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলামের নেতৃত্বে ছবিটি অপসারণ করা হয়।

এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, শেখ মুজিব বাকশালের প্রবক্তা। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ ১৫ বছরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। আওয়ামী লীগ শেখ মুজিবকে তাদের প্রতীক হিসাবে ব্যবহার করে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের এই প্রতীকের কোনো ছবি রাখতে দিতে পারি না। এ কারণে আমরা ঐক্যবদ্ধভাবে এই ছবি অপসারণ করেছি।

প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, শেখ মুজিবের ছবি রাখা বা অপসারণের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মত বা ইচ্ছা নেই। আমি সাংবিধানিক নীতির প্রতি শ্রদ্ধাশীল ও তা অনুসরণ করার চেষ্টা করি। প্রশাসন বা উপাচার্যের কাছ থেকে কোনো নির্দেশনা না পেলে আমি নিজে ছবি অপসারণ করতে পারি না। তবে শিক্ষার্থীরা যদি ছবি অপসারণ করতে চায়, তা তাদের সিদ্ধান্ত।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

জুলাই অভ্যুত্থানপরবর্তী সময়ে ছাত্র-জনতার ক্ষোভের মুখে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত থেকে সরিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি। 

আরও পড়ুন.. শিক্ষাঙ্গন
← Home