শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে গণসংযোগে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ণ
উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে গণসংযোগে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নির্বাচনী মাঠ জমে উঠতে শুরু করেছে। বড় রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা মাঠে নামলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ ইতোমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। 

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি কাটাখালী পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় দোকানপাট, চা-স্টল ও বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

 

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা আমার অঙ্গীকার। আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও শিল্পে আধুনিকায়ন এবং শিক্ষাখাতকে এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।’ তিনি আরও জানান, ‘কৃষকদের ন্যায্যমূল্যে ফসল বিক্রির সুযোগ সৃষ্টি, যুব সমাজের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে তাঁর অগ্রাধিকার থাকবে।’

 

গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন কাটাখালী পৌরসভার জামায়াতে ইসলামীর আমির আজিজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল মালেক, হরিয়ান ইউনিয়নের আমির করিমুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি মহিবুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

কাটাখালী পৌরসভার আমির আজিজুল ইসলাম বলেন, ‘অধ্যাপক আবুল কালাম আজাদ একজন সৎ, শিক্ষিত ও জনগণপ্রেমী নেতা। তিনি উন্নয়নের রাজনীতি করতে চান। স্থানীয় জনগণ তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করছে।’

 

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘আমরা উন্নয়ন চাই। যারা আমাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করবে, আমরা তাদেরকেই ভোট দেব।’ এভাবে আসন্ন নির্বাচনের আগে রাজশাহী-৩ আসনে প্রার্থীদের তৎপরতা বাড়তে থাকায় সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।

আরও পড়ুন.. রাজনীতি
← Home