সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মিলন

১১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মিলন

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো লন্ডনে অবস্থান করছেন। তাঁর দেশে ফেরা ঠেকাতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পবার দর্শনপাড়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মিলন বলেন, ‘তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরতে কোনো ষড়যন্ত্রই বাধা দিতে পারবে না। কেউ যদি এমন চেষ্টা করে, বিএনপি উপযুক্ত জবাব দেবে।’

 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। এখন থেকেই কেন্দ্র পাহারা, ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করা এবং মাঠে সংগঠিতভাবে কাজ করার প্রস্তুতি নিতে হবে।

 

খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ তুলে মিলন বলেন, ‘সবকিছুই চলছে, কিন্তু আমাদের মনে অশান্তি থেকে গেছে। গণতন্ত্রের মানসকন্যা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া অসুস্থ। দেশ-বিদেশের মানুষ দোয়া করায় তিনি এখন অনেকটাই সুস্থ। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি তথা দেশবাসীর মনে স্বস্তি নেই।’

 

তিনি আরও জানান, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের ঘরে ঘরে মা-বোনেরা দোয়া করছেন, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষও তাঁর জন্য প্রার্থনা করছেন। দেশমাতৃকার সুস্থতা ও দেশের শান্তির জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

 

এদিকে মাগরিবের নামাজ আদায় করে দর্শনপাড়ার বিল ধর্মপাড়া এলাকায় গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথ সভায় এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বিএনপি এবারও ক্ষমতায় আসলে পবা-মোহনপুরের ব্যাপক উন্নয়ন করা হবে। সেইসাথে বেকারত্ব হ্রাস, রাস্তাঘাট এর উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠনের উন্নয়ন করা হবে। সেইসাথে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ পদক্ষেপ গ্রহন করা হবে। শুধু তাইনয় কৃষকদের উন্নয়নেও কাজ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা অনুযায়ী কৃষকদের জন্য কৃষি কার্ড ও নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে জানান তিনি। এছাড়াও বিএনপি ক্ষমতায় আসলে কর্মমুখী শিক্ষার উপরে গুরুত্বারোপ এবং কলকারখানা স্থাপনে বিশেষ নজর দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। বিএনপির নেতা কর্মীদের প্রতিটি বাড়িতে বাড়িতে যেয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।

 

 

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দীন, সদস্য সচিব মোতাহার হোসেন, পবা উপজেরা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুর রহমান, যুবদলের সাবেক সদস্য মাজদার রহমান, হুজুরীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ অত্র ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন.. রাজনীতি
← Home