শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পবার বড়গাছি মহিলা সমবায় সমিতিতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
পবার বড়গাছি মহিলা সমবায় সমিতিতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: পবার বড়গাছি মহিলা সমবায় সমিতিতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় অত্র প্রতিষ্ঠানে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসুচি’র (১ম পর্যায়) আওতায় গ্রাম পর্যায়ে অস্বচ্ছল নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এক লাখ ২০ হাজার টাকা বরাদ্ধে কর্মসুচিটি বাস্তবায়ন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পবা, রাজশাহী। এই উদ্যোগ গ্রামীণ নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পথ তৈরি করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

 

বড়গাছি মহিলা সমবায় সমিতির সভাপতি মোসা. মনিরা বেগম বলেন, ‘নারীরা সংসারের সব কাজ সামলে এখানে সেলাই প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই আয়ের পথ তৈরি করতে পারবে। কোন নারী যেন বেকার না থাকে সে লক্ষ্যে ৩০ জন নারী নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হলো। দক্ষ ও অভিজ্ঞ একজন সেলাই প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হবে। অস্বচ্ছল ও দরিদ্র নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরী এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সকলের সহযোগিতায় ভাল কিছু করতে চায়, সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। এই প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে নিজেদেরকে আত্মনির্ভর করে তোলার আহ্বান জানান। প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সহযোগিতা করায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়কে ধন্যবাদ জানান তিনি।’

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল কারিগরি শিক্ষাকে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছিয়ে দিয়ে বেকার সমস্যা দূর করা। কেননা বেকার সমস্যা একটা মানবসৃষ্ট আপদ আর আপদ থেকেই দুর্যোগের সৃষ্টি হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীন নারীরা সুফল পাবে। সেলাই প্রশিক্ষণ তাদের স্বনির্ভর হতে সাহায্য করবে, এটিই আমাদের বড় অর্জন। সমিতির উদ্যেগে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের প্রশিক্ষিত করে স্বাবলম্বী করার যে প্রয়াস গ্রহণ করেছে তা প্রশংসার দাবিদার। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।’

আরও পড়ুন.. বাংলার মুখ
← Home