শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে : তারেক রহমান

২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে : তারেক রহমান

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ‘রাজশাহীর মানুষের ভালোবাসা আমি কখনো ভুলিনি। দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে এসে সেই পুরনো স্মৃতি ফিরে পেলাম। বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহী অঞ্চলের উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। এরমধ্যে পদ্মা নদী খনন, ফারাক্কা ব্যারেজ নির্মাণ, রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন, কৃষিভিত্তিক মিল ও ফ্যাক্টরি গড়ে তুলতে সহায়তা, আধুনিক হিমাগার নির্মাণ, কৃষি কার্ড বিতরণ এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হবে’। 

 

তিনি আরো বলেন, রাজশাহী শিক্ষানগরী। কিন্তু শিক্ষার উন্নয়নে এবং শিক্ষিত বেকারদের জন্য বিগত সরকার তেমন কোন কাজ করেনি। রাজশাহীতে আইসিটি পার্ক আছে। কিন্তু কোন কাজ নেই। তিনি রাজশাহীতে কর্মসংস্থানের নানাবিধ ব্যবস্থা নেবেন। সেইসাথে বেকার যুব ও যুবাদের প্রশিক্ষিত করে দেশের বাহিরে পাঠানোর ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় দেওয়া ভাষণে এসব অঙ্গীকার করেন।

 

তারেক রহমান আরো বলেন, একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে দেশ গণতন্ত্রের পথে এগুবে, নাকি অন্য কোনো পথে যাবে বলে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।” 

 

কোথাও অনাকাংখিত ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্তের জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সেইসাথে “সঠিক তদন্ত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এই সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নিতে যাওয়া রাজশাহীর প্রার্থীদের তিনি সকলের সামনে পরিচয় করিয়ে দেন। প্রত্যেকের হাতে তিনি তুলে দেন ধানের শীষের একগুচ্ছ রেপলিকা। লাখো নেতাকর্মী আর সমর্থকদের সামনে তিনি পরিচয় করিয়ে দেন প্রার্থীদের। উক্ত অনুষ্ঠানে রাজশাহী জেলার ছয় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

 

বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে ওঠেন। এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটে তিনি শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে তারেক রহমান রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। তিনি লাল-সবুজ রঙের একটি বাসে করে সমাবেশস্থলে যান। বিমানবন্দর, বায়াবাজার, ভুগরইল মোড়, পবা উপজেলা পরিষদের গেট, আমচত্ত্বর এলাকাসহ সভাস্থলের রাস্তায় দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। অনেক স্থানীয় বাসিন্দা বিএনপি প্রধানকে এক নজর দেখার জন্য বাড়ির ছাদে উঠে অবস্থান নেন। পথে তারেক রহমানের নিরাপত্তার জন্য পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পদ্মা নদীর ওপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন। দলের প্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে ২০০৪ সালে তিনি রাজশাহী এসেছিলেন।

 

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুন, স্লোগান আর উচ্ছ্বাসে মুখর পুরো এলাকা। প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন লাখো নেতা-কর্মী। নগরীর বিনোদপুর, তালাইমারি, আলুপট্টি, সাহেববাজার, সিএনবি এলাকাসহ বিভিন্ন জায়গায় সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। তাঁদের হাতে বিভিন্ন রঙের ক্যাপ, টি-শার্ট, দলীয় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পতাকা রয়েছে। ধানের শীষের স্লোগান দিচ্ছেন কর্মী-সমর্থকেরা। আশপাশের উপজেলার কর্মী-সমর্থকেরা আসছেন বাস বা ট্রাকে চেপে। সমাবেশে রাজশাহী ছাড়াও নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতা-কর্মীরাও এসেছেন। রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান নওগাঁর পথে রওনা দেন।

 

রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশীদ মামুন ও মহানগর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ মহানগর ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন.. রাজনীতি
← Home