শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

একুশের প্রথম প্রহরে পবায় ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
একুশের প্রথম প্রহরে পবায় ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর রাজশাহী-৩ আসনের সংসদ সদস্যের পক্ষে উপজেলা বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপজেলা প্রেসক্লাব ও উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মাইকে বাজতে থাকে অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, “ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার ভিত্তি। ১৯৫২ সালের শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সাব-রেজিস্ট্রার, দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ এবং পবা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন.. জাতীয়
← Home