রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় টাইফয়েড জ্বর প্রতিরোধে জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পেইন চলবে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। 

 

এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে রাসিক। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। 

 

তিনি বলেন, ‘টাইফয়েড এখনো শিশুদের জন্য বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখা। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমি আশা করি নির্ধারিত সময়ে সব অভিভাবক তাদের সন্তানদের টিকা প্রদানে এগিয়ে আসবেন।’

 

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর পরিচালক পারভেজ রায়হান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব রুমানা আফরোজ, ইউনিসেফের রাজশাহী-রংপুর চীফ তারিক আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান, জাতীয় ইপিআই স্পেশালিস্ট ডা. রেজাউর রহমান মিল্টনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী মহানগর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্র এবং কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এ ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীরা এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) পাবে।

 

লক্ষ্যমাত্রা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৬২১টি প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত ৫১ হাজার ৪৬০ জন ছেলে ও ৪৬ হাজার ৪৬৬ জন মেয়ে শিক্ষার্থীসহ মোট ৯৭ হাজার ৯২৬ জনকে টিকা দেওয়া হবে। আর কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১৯ হাজার ২৭১ জন ছেলে ও ১৭ হাজার ৯৩০ জন মেয়েসহ মোট ৩৭ হাজার ২০১ জনকে টিকা প্রদান করা হবে। ফলে ক্যাম্পেইনের আওতায় সর্বমোট ১ লাখ ৩৫ হাজার ১২৭ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। টিকা পেতে অভিভাবক বা সংশ্লিষ্টদের অবশ্যই শিশুর জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বর ব্যবহার করে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

আরও পড়ুন.. স্বাস্থ্য
← Home