শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের নবনির্বাচিত পরিচালক খালেদ মাসুদ পাইলট-কে সংবর্ধনা

১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ণ
রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের নবনির্বাচিত পরিচালক খালেদ মাসুদ পাইলট-কে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বোর্ডের গুরুত্বপূর্ণ কমিটি 'হাই পারফরম্যান্স ক্রিকেট'-এর চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন তিনি। এই দুই দায়িত্বই প্রমাণ করে, ক্রিকেট অঙ্গন কতটা আস্থা রেখেছে তাঁর উপর।

 

সেই অর্জনকে উদযাপন করতে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে হয় সংবর্ধনা অনুষ্ঠান। ফর্মার ক্রিকেটার অব রাজশাহী এবং সাবেক ক্রিকেটারদের এই আয়োজনে ফুলেল শুভেচছায় সিক্ত ও মিষ্টিমুখ করানো হয় রাজশাহী ক্রীড়াঙ্গনের এই কৃতি সন্তানকে। এসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক, বর্তমান খেলোয়াড় সহ উপস্থিত ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। ছিলেন ফুটবল খেলোয়াড়রাও। এসেছিলেন তাঁর ভক্তরা। 

 

আগে দেশের জন্য খেলেছেন মাঠে। এখন প্রশাসক হিসেবে লড়বেন ক্রিকেটের উন্নয়ন ও সাফল্যের জন্য। সেই নতুন যাত্রা হবে গৌরবের, অর্জনের এমন প্রত্যাশা আয়োজকদের।

 

নবনির্বাচিত পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানান, তিনি ৬৪ জেলায় নিয়মিত ক্রিকেট লীগ চালু ও হাই পারফরম্যান্স প্রোগ্রাম এমনভাবে গড়ে তুলতে চান, যেখান থেকে একজন খেলোয়াড় সম্পূর্ণ প্রস্তুত হয়ে জাতীয় দলকে সমৃদ্ধ করবেন।

 

রাজশাহীতে বিপিএল করার ব্যাপারে শনিবার রাজশাহীতে আসবেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। তারা স্টেডিয়াম, অবকাঠামো, হোটেল সুবিধাসহ নানা বিষয় পর্যবেক্ষন করবেন বলেও জানান বিপিএলের গভর্নিং বডির সদস্য খালেদ মাসুদ পাইলট। 

 

সম্প্রতি বিসিবির নির্বাচনে ভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়ে ক্যাটাগরি-৩ থেকে পরিচালক নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

আরও পড়ুন.. খেলাধুলা
← Home