শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পবায় দুস্থ ও এতিমদের মাঝে সৌদির দুম্বার মাংস বিতরণ

৬ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ণ
পবায় দুস্থ ও এতিমদের মাঝে সৌদির দুম্বার মাংস বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার ৩৯টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সৌদি সরকারের উপহারের কোরবানির দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এই মাংস বিতরণ করেন পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাপ্ত মোট ২২ কার্টুন দুম্বার মাংস, প্রতিটি কার্টুনে প্রায় ২০ কেজি মাংস, উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।

 

এসময় দুর্গা পারিলা ইসলামী এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আব্দুল হামিদ বলেন, ‘সৌদি সরকারের এই উপহার আমাদের এতিমখানার শিশুদের জন্য আনন্দের। এতে তারা ভালো খাবার পাবে। এমন উদ্যোগ সামাজিক সহমর্মিতা বৃদ্ধি করে এবং দুস্থ ও এতিমদের মধ্যে আনন্দ ও স্বস্তি বয়ে আনে।’

 

মাংস হাতে পেয়ে জান্নাতুল নূর হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মো. আল আমিন বলেন, ‘এতিমদের জন্য এটি মানবিক সহায়তার দৃষ্টান্ত। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় সন্তুষ্ট।’

 

পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান বলেন, ‘কোরবানির এই দুম্বার মাংস বিতরণ একটি মানবিক উদ্যোগ, যা দুস্থ ও এতিমদের মধ্যে সরাসরি সাহায্যের পাশাপাশি সমাজে ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি করে। সৌদি সরকারের এই উপহার পবা উপজেলার দুস্থ ও এতিম শিশুদের জন্য বড় উপকার হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাংস সঠিকভাবে তাদের মধ্যে বিতরণ করা হবে।’

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির বলেন, ‘সৌদি সরকারের উপহারের এই মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ ও এতিমদের। তাদের মধ্যে ন্যায্যভাবে বিতরণ করা হয়েছে।’

 

উল্লেখ্য, প্রতিবছর সৌদি সরকার বাংলাদেশে কোরবানির সময় বিভিন্ন উপহার প্রদান করে থাকে। এ বছরও পবা উপজেলা তাদের চাহিদা অনুযায়ী এতিম ও দুঃস্থ শিশুদের জন্য এই উপহার নিশ্চিত করেছে, যা সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন.. জাতীয়
← Home