সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পবায় উৎসবমুখর পরিবেশে শেষ হলো ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ
পবায় উৎসবমুখর পরিবেশে শেষ হলো ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় জমজমাট উৎসবের মধ্য দিয়ে ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে চারদিকে রঙিন পতাকা, ঢাক-ঢোলের তালে উচ্ছ্বসিত দর্শকের ঢল আর কিশোর-তরুণদের প্রাণচাঞ্চল্যে মাঠ যেন এক উৎসবমুখর প্রাঙ্গণে পরিণত হয়েছিল। স্থানীয় ফুটবলপ্রেমীদের চোখে-মুখে উত্তেজনা, উল্লাস আর প্রত্যাশার মিশেলে তৈরি হয়েছিল এক অনন্য আবহ।প্রতিযোগিতার ফাইনালে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় বড়গাছী ইউনিয়ন ফুটবল দল। খেলাটি শুরুর পর থেকেই মাঠজুড়ে ছিল দারুণ লড়াই। দুই দলের সমর্থকদের স্লোগান, বাঁশির শব্দ, উল্লাসধ্বনি এবং ঢোলের তালে তাল মিলিয়ে খেলোয়াড়দের প্রতিটি আক্রমণ ও প্রতি-আক্রমণ আরও জমিয়ে তোলে ম্যাচটি। ম্যাচের ১৫ মিনিটের মাথায় বড়গাছীর ৪ নম্বর খেলোয়াড় রতনের গোলে সমর্থকদের উচ্ছ্বাস যেন মাঠকে কাঁপিয়ে তোলে। এরপর ১০ নম্বর খেলোয়াড় বাঁধনের গোল দলকে এনে দেয় নিশ্চিত জয়ের স্বস্তি। ফাইনালকে ঘিরে দুপুর থেকেই মাঠে ভিড় করতে থাকেন স্থানীয় মানুষজন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে-সবাই যেন নিজের প্রিয় দলের জয়ে শরিক হতে মাঠমুখী ছিলেন। চারপাশে শিশুদের হাসি, তরুণদের স্লোগান আর প্রবীণ দর্শকদের প্রাণভরা উৎসাহে মাঠের পরিবেশ হয়ে ওঠে পুরোপুরি উৎসবমুখর।

 

টুর্নামেন্টের আয়োজন করেছে পবা উপজেলা প্রশাসন। দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদসহ মোট দশটি দল এতে অংশ নেয়। তরুণদের প্রতিভা বিকাশ ও খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতেই এ আয়োজন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন বড়গাছী ইউনিয়ন ও রানার্স আপ দর্শনপাড়া ইউনিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি বলেন, 'তরুণদের সুষ্ঠু বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। পবার প্রতিটি মাঠে ফুটবলকে আরও প্রাণবন্ত করে তুলতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে এমন আয়োজন অব্যাহত রাখবে।'

 

ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ও রাজশাহী সরকারি মহিলা কলেজের সহকারী  অধ্যাপক সরকার রাহনুমা আফরোজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, দামকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল আলম ও ক্রীড়া শিক্ষক গোলাম মুর্তজা বাদশা, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কালু, বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, দর্শনপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ আলী, সিএ শহিদুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ক্রীড়াবিদ এবং বিপুলসংখ্যক দর্শক।

আরও পড়ুন.. খেলাধুলা
← Home