শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে সিপিবির গণজমায়েত: মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সংসদ ঘেরাওয়ের ডাক

২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
রাজশাহীতে সিপিবির গণজমায়েত: মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সংসদ ঘেরাওয়ের ডাক

স্টাফ রিপোর্টার: ‘শহীদ কমিউনিস্ট বিপ্লবীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না, শোষণের শৃঙ্খল ভেঙে মুক্তির লড়াইকে অগ্রসর করুন’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে গণজমায়েত ও আলোচনা সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সভা থেকে আগামী ২৭ এপ্রিল ‘বৈষম্যমূলক’ মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে জাতীয় সংসদ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 

আলোচনা সভায় বক্তারা ১৯৫০ সালের ২৪ এপ্রিলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন। তাঁরা বলেন, তৎকালীন মুসলিম লীগ সরকারের পুলিশ বাহিনী নিরস্ত্র কমিউনিস্ট রাজবন্দীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। এতে কম্পরাম সিং, সুধীন ধর, বিজন সেন, হানিফ শেখ, সুখেন্দু ভট্টাচার্য, দিলওয়ার হোসেন ও আনোয়ার হোসেন এই ৭ জন কমিউনিস্ট নেতা শহীদ হন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম জেল হত্যাকাণ্ড।

 

বক্তারা আরও বলেন, কমিউনিস্টদের এই আত্মদান বিফলে যায়নি, এর বিনিময়েই বাতিল হয়েছিল অমানবিক জেল কোড। তাঁরা ঐতিহাসিক এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় খাপড়া ওয়ার্ড দিবস’ হিসেবে ঘোষণা এবং পাঠ্যপুস্তকে এই বীরত্বগাথা অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

 

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সিপিবির নেতারা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির তীব্র সমালোচনা করেন। চুক্তিটিকে ‘গোলামি চুক্তি’ আখ্যা দিয়ে তাঁরা বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশকে প্রাথমিকভাবে ১৫ হাজার কোটি টাকা শুল্ক দিতে হবে। চুক্তিটি পুরোপুরি বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ১৯ শতাংশ শুল্ক গুনতে হবে। অন্যদিকে, দেশে মার্কিন পণ্য আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না বলে অভিযোগ করেন তাঁরা।

 

নেতৃবৃন্দ বলেন, এমন বৈষম্যমূলক চুক্তি এদেশের জনগণ মেনে নেবে না। এই চুক্তি বাতিলের দাবিতে আগামী ২৭ এপ্রিল সাধারণ জনগণকে সাথে নিয়ে সংসদ ঘেরাও করা হবে। একইসঙ্গে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মেহনতি শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না, সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম ফরিদ, সিপিবির রাজশাহী জেলা সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, রাজশাহী মহানগর সিপিবির সভাপতি আইয়ুব হোসেন কাইয়ুম।

 

অজিত কুমার মন্ডল, সেক্রেটারি কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলা, অসীম সরকার লিটন, সম্পাদক কমিউনিস্ট পাটি (সিপিবি) যুব শাখা রাজশাহী মহানগর, নিমাই গাঙ্গুলি সদস্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটি, মনিরা বেগম অনু সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী মহানগর, সুব্রত রায় সদস্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী মহানগর প্রমূখ।

আরও পড়ুন.. রাজনীতি
← Home